যশোরের অভয়নগর উপজেলার বাহিরঘাট গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবকের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মোঃ রিফাত সরদার অভিযোগে উল্লেখ করেন, তার নাবালক অবস্থায় দাদা-দাদির দেওয়া প্রায় আড়াই একর জমি জালিয়াতির মাধ্যমে তার পিতা অন্যত্র রেজিস্ট্রি করে দেয়। এ নিয়ে আদালতে একটি দেওয়ানী মামলা বিচারাধীন রয়েছে।
রিফাতের দাবি, গত ২৯ সেপ্টেম্বর সকাল ১টার দিকে ১০-১২ জনের একটি দল তার বাড়িতে হামলা চালিয়ে ঘরে তালা লাগিয়ে দেয়। এসময় আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি করা হয়। তিনি আরও অভিযোগ করেন, ঘরে থাকা সোনা-টাকা লুট করে নেওয়া হয়েছে এবং জমির প্রায় এক বিঘা ধানক্ষেত নষ্ট করা হয়েছে। বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে অভয়নগর থানার ওসি বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
