যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘অপরাজিতা’র চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে যশোর রেড ক্রিসেন্ট সোসাইটির কনফারেন্স রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপরাজিতার অ্যাডমিন সোহেলি পারভীন, সাজিয়া আফরিন, শারমিন সুলতানা, মাহবুবা সুলতানা তিন্নি ও ফারজানা ইয়াসমিন মিরা। এ ছাড়া প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ১৭০ জন উদ্যোক্তার পরিবারের সদস্যদের মধ্যে ৯৫ জন উদ্যোক্তা অনুষ্ঠানে অংশ নেন। তাদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের পিঠা, কেক, খাবারসহ নানা খাদ্যপণ্য প্রদর্শন করা হয়। এসব পণ্যের মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের সৃজনশীলতা ও উদ্যোগের পরিচয় তুলে ধরেন।
আয়োজকরা জানান, তিল তিল করে গড়ে ওঠা অপরাজিতা এখন যশোরের মানুষের আস্থা ও ভরসার একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গুণগত মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি খাবার গ্রাহকদের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির নিজস্ব রাইডার গ্রুপ রয়েছে। এর মাধ্যমে অল্প সময়ের মধ্যে গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এ উদ্যোগ ইতোমধ্যে সুনাম অর্জন করেছে।
তারা আরও জানান, নতুন ও পুরোনো উদ্যোক্তাদের একসঙ্গে নিয়ে অপরাজিতার কার্যক্রমকে আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে যশোরের গণ্ডি পেরিয়ে অন্যান্য এলাকাতেও প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণ করতে চান তারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার নতুন প্রত্যয় সৃষ্টি করেছে বলে মনে করছেন আয়োজকরা।
