শার্শায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ আটক ২

✍🏻: শার্শা প্রতিনিধি:
প্রকাশ: ৭ ঘন্টা আগে

যশোরের শার্শায় পৃথক অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন শার্শার গোগা পশ্চিমপাড়া গ্রামের মৃত পতুযার রহমানের ছেলে রবিউল ইসলাম (৬০) এবং রফি উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৪৫)।

পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপপরিদর্শক চিরঞ্জিৎ মন্ডলের নেতৃত্বে গোগা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রবিউল ইসলামকে আটক করা হয়। ২০২৫ সালের ১ অক্টোবর শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার তদন্তের সূত্র ধরে এ অভিযান চালানো হয়। পুলিশের তথ্য অনুযায়ী, রবিউল গোগা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী।

অপর অভিযানে উপপরিদর্শক শেখ জাহিদুল আলমের নেতৃত্বে শনিবার রাত ২টার দিকে বলিদাদহ এলাকা থেকে নিজাম উদ্দিনকে আটক করা হয়। ২০২৫ সালের ১৫ ডিসেম্বর বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার তদন্তের সূত্র ধরে তাঁকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। তিনি শার্শা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, আটক দুজনকে শনিবার পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।