কেশবপুরে চেতনানাশক স্প্রে করে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি।

✍🏻: কেশবপুর প্রতিনিধি:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

যশোরের কেশবপুরে চেতনানাশক স্প্রে করে একটি বাড়ির সবাইকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মজিদপুর ইউনিয়নে সাংবাদিক আজিজুর রহমান জিকোর বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা সাংবাদিক আজিজুর রহমান জিকোর বাড়িতে চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে।

পরে বাড়ির দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে তারা। এ সময় দুর্বৃত্তরা ঘরে থাকা প্রায় ১২ ভরি সোনার গয়না ও নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেন।

এ ঘটনায় কেশবপুরের স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। রাতের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন এলাকাবাসী। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।