মনিরামপুরে প্রেমঘটিত সমস্যার সমাধানে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ,  আহত অনেকেই

✍🏻: মনিরামপুর প্রতিনিধি:
প্রকাশ: ৬ দিন আগে

যশোরের মনিরামপুরে প্রেমঘটিত বিষয় নিয়ে স্থানীয় সালিশ বৈঠক চলাকালে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মনিরামপুর উপজেলার ২ নম্বর কাশিমনগর ইউনিয়নের ইত্যা গ্রামের বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইত্যা গ্রামের বাজারে একটি প্রেমঘটিত বিষয় সমাধানের জন্য স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে বিএনপি সমর্থিত পক্ষের শাহজাহান, আবু তাহের, তরিকুল, আজহারুল ও সাদেকসহ আরও কয়েকজন এবং অপরপক্ষের ২০ থেকে ৩০ জন ব্যক্তি জড়িয়ে পড়েন।

সংঘর্ষে জামায়াতে ইসলামী সমর্থিত পক্ষের ফজলুর রহমান (৪৫), আশরাফুল (৩৫) ও শামসুল হক (৩৬) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে ফজলুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে,  এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ রাতদিন নিউজকে বলেন,  ঘটনাটি সত্য। তিন দিন আগে প্রেমঘটিত একটি বিষয় সমাধানের জন্য স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই দুই পক্ষের মধ্যে বিভক্তি তৈরি হয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের লোকজনই আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।