Deshdristi24
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে দীর্ঘদিনের সংঘাত ও সহিংসতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় জনগণ ও পুলিশ-প্রশাসন। স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমাদান এবং সেই উদ্যোগকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়ার মাধ্যমে এলাকায় সৃষ্টি হয়েছে নতুন এক মানবিক ও সম্প্রীতির পরিবেশ।
বুধবার (১০ জুন) বিকেলে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র পুলিশের নিকট আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। এসময় পুলিশ তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়। দীর্ঘদিনের দ্বন্দ্ব-সংঘাত ভুলে সমাজে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যয়ে এই উদ্যোগকে এলাকাবাসীও ইতিবাচকভাবে গ্রহণ করেন।
