যশোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোর টাউন হল মাঠে জেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, দলের মধ্যে যারা বিবাদ ও বিভাজনের রাজনীতি করবেন, তাদের কোনোভাবেই দলীয় মনোনয়ন দেওয়া হবে না। যারা দ্বন্দ্ব সৃষ্টি করে বিশৃঙ্খলা তৈরি করতে চান, তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, দলের মধ্যে বিভেদ ও ঝামেলা সৃষ্টিকারী নেতাকর্মীদের চিহ্নিত করে সাংগঠনিকভাবে প্রতিহত করতে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বিভিন্ন এলাকায় গিয়ে দলের নেতাকর্মীদের কার্যক্রম ও সাংগঠনিক পরিস্থিতি তদারকি করবে।
দেলোয়ার হোসেন খোকন আরও বলেন, বিএনপিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাখতে সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে রাজনীতি করতে হবে। ব্যক্তিস্বার্থ কিংবা বিভাজনের রাজনীতির মাধ্যমে দলের সাংগঠনিক শক্তিকে দুর্বল করার কোনো সুযোগ দেওয়া হবে না।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিএনপির প্রতিষ্ঠার পেছনে ছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনার ভিত্তিতে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার প্রয়াস।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় স্বার্থকে সামনে রেখে দল-মত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন। তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক মত ও শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করা হয়।
নার্গিস বেগম বলেন, বিএনপির রাজনীতি কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে বাদ দিয়ে নয়; বরং দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়াতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হবে।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের রাজনীতিতে দলটির ভূমিকা এবং গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও দলীয় শৃঙ্খলার মধ্যে থেকে কাজ করার আহ্বান জানান।
