তাজা মুরগির সঙ্গে মৃত মুরগি বিক্রির চেষ্টা, বোয়ালমারীতে ব্যবসায়ীকে জরিমানা

✍🏻: ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: ২ দিন আগে

ফরিদপুরের বোয়ালমারীতে তাজা মুরগির সঙ্গে মৃত মুরগি বিক্রির অভিযোগে এক পোল্ট্রি ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুরগি বাজারে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বোয়ালমারী মুরগি বাজারের আলামিন পোল্ট্রি হাউজের ব্যবসায়ী বাপ্পী মোল্লার বিরুদ্ধে তাজা মুরগির পরিবর্তে মৃত মুরগি বিক্রির অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক নারী ক্রেতা দোকান থেকে দুটি সোনালি মুরগি কেনেন। মুরগি জবাইয়ের পর পরিষ্কার করার সময় একটি তাজা মুরগির পরিবর্তে মৃত মুরগি দেওয়ার চেষ্টা করা হলে বিষয়টি ক্রেতার নজরে আসে। পরে উপস্থিত লোকজন বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।
ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী নিজের অপরাধ স্বীকার করলে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রাস্তার ওপর মুরগির খাঁচা রেখে ব্যবসা করা দোকানিদেরও সতর্ক করে খাঁচা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ইউএনও এস এম রকিবুল হাসান বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণার কোনো সুযোগ নেই। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ধরা পড়লে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।