কেশবপুরে নাশকতার অভিযোগে ইউপি সদস্যসহ আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী আটক

✍🏻: কেশবপুর প্রতিনিধি:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

যশোরের কেশবপুরে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। রোববার (১৮ অক্টোবর) তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন কেশবপুর সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য কামরুজ্জামান কামাল (৫০), ইনতাজ গাজীর ছেলে শাহ জামাল (৪৫), হাসিবুল হাসান (৩৫) এবং রাজানগর বাঁকাবর্শি গ্রামের শহীদ সরদারের ছেলে আবু তালিব (২৬)।

জানা গেছে, আটক শাহ জামাল, হাসিবুল হাসান ও আবু তালিব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা। মিছিলের প্রস্তুতিকালে তাঁদের স্থানীয় লোকজন মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বলেও জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে তাঁদের আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে রোববার আদালতে পাঠানো হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে চারজনকে আটক করা হয়েছে। রোববার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।