যশোরের চূড়ামনকাটিতে পানিতে ডুবে মাহফুজ (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে বাদিয়াটলা এলাকায় বোটক্লাবের বিপরীত পাশের ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজ চূড়ামনকাটি ইউনিয়নের সানতলা এলাকার নূর ইসলামের ছেলে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে মাহফুজ কয়েকজন বন্ধুর সঙ্গে বোটক্লাবের বিপরীত পাশে ঘাটে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তার বন্ধুরা মাহফুজকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে স্থানীয় লোকজন ও মাহফুজের স্বজনদের খবর দেওয়া হয়।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা পানিতে খোঁজাখুঁজি করে মাহফুজকে পানির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
সানতলা এলাকার বাসিন্দারা জানান, মাহফুজ অত্যন্ত ভদ্র ও শান্তশিষ্ট স্বভাবের ছেলে ছিলেন। তার এমন অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
