বাঘারপাড়ায় (হরিজন) সম্প্রদায়ের অপু বিশ্বাস-কে নিয়ে গর্বিত এলাকবাসি ও তার পরিবার

✍🏻: নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ২ ঘন্টা আগে

যশোরের বাঘারপাড়ায় (হরিজন) সম্প্রদায়ের অপু বিশ্বাস-কে নিয়ে গর্বিত এলাকবাসি ও তার পরিবার । আনন্দে উচ্ছ্বসিত পুরো এলাকা কারণ, আজ হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন অপু বিশ্বাস। আর তা হলো, সরকারি বৃত্তি অর্জনের মাধ্যমে তিনি শুধু নিজের নয়, এ যেন পুরো সম্প্রদায়ের মুখ উজ্জ্বল করেছেন। তাঁর এই সাফল্যে আনন্দে ভাসছে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এলাকাবাসী।

ইতিমধ্যেই তার সাফল্যের খবর ফেসবুকে ও ছড়িয়েছে। জানা গেছে, অপু বিশ্বাসের বাবা তপন বিশ্বাস ও মা দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সন্তানকে পড়াশোনা করিয়েছেন। সীমিত সামর্থ্য আর কঠিন সংগ্রামের মাঝেও তাঁরা কখনো সন্তানের শিক্ষার প্রতি আগ্রহ হারাননি। সেই ত্যাগ ও পরিশ্রমেরই প্রতিফলন এসেছে সরকারি বৃত্তি অর্জনের মাধ্যমে।

অপুর এই অর্জনকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে আনন্দঘন পরিবেশ। বাজার ঘাটে চা- য়ের স্টলেও অপুর সাফল্য নিয়ে মূখোরোচক আলোচনা হচ্ছে। স্থানীয়দের মতে, হরিজন সম্প্রদায়ের একজন শিক্ষার্থীর এমন সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে।

এবিষয়ে, উপজেলার সেকেন্দারপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুর রহমান বলেন, “অপু বিশ্বাসের এই অর্জনে আমরা অত্যন্ত গর্বিত। সে শুধু আমাদের বিদ্যালয়ের নয়, পুরো হরিজন সম্প্রদায়ের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও স্বপ্ন দেখতে এবং পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে।”
স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, অপুর এই সাফল্য সমাজের পিছিয়ে থাকা শিশুদের জন্য আশার আলো হয়ে উঠবে এবং শিক্ষা যে জীবনের পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার, অপুর কৃতিত্ব আরেকটি প্রমাণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।