বোয়ালমারীতে রাজমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

✍🏻: ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ফরিদপুরের বোয়ালমারীতে জসিম সরদার (৩৫) নামে এক রাজমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি চার বছর বয়সী এক সন্তানের জনক।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জসিম স্ত্রী ও সন্তানকে নিয়ে সহস্রাইল বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই মাদক কেনার জন্য স্ত্রীর কাছে টাকা চাইতেন। শুক্রবার ভোরে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্ত্রী কাজে চলে গেলে বাসায় জসিম ও তাদের সন্তান ছিল।
কিছু সময় পর শিশুটি মায়ের কাছে গিয়ে জানায়, তার বাবা ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।