যশোরে চিহ্নিত সন্ত্রাসী ‘বোমা কাদের’ আটক
যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত আব্দুল কাদের ওরফে ‘বোমা কাদের’কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর শহরের রেল রোড এলাকায় সোনালী ব্যাংক করপোরেট শাখার সামনে থেকে তাকে আটক করা হয়। আব্দুল কাদের শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রেল রোড এলাকায় অভিযান চালিয়ে আব্দুল কাদেরকে আটক করা হয়। তার বিরুদ্ধে থাকা পুরোনো অভিযোগ ও মামলাগুলোর বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, আব্দুল কাদেরের বিরুদ্ধে বিগত সরকারের আমলে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে তিনি ‘বোমা কাদের’ নামে পরিচিত।
ওসি মাসুম খান আরও জানান, আটকের পর তার বর্তমান কর্মকাণ্ড ও সংশ্লিষ্টতার বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
