জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ জুলাই থেকে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনা এবং সরকারের উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, সম্মানিত যাত্রীদের চাহিদা এবং যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রেক্ষিতে আসন্ন হজ কার্যক্রম শেষে এ রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে, যা প্রতি শনিবার ও মঙ্গলবার চলাচল করবে। ফ্লাইটগুলো ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টার গমন করবে।
ফ্লাইট সূচি অনুযায়ী, ঢাকা থেকে সকাল ১০টা ৫৫ মিনিটে ছেড়ে সিলেট থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে উড্ডয়ন করে ম্যানচেস্টারে স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে পৌঁছাবে। অপরদিকে, ম্যানচেস্টার থেকে রাত ৯টায় ছেড়ে পরদিন সিলেটে সকাল ১১টা ৫০ মিনিটে এবং ঢাকায় দুপুর ১টা ৩০ মিনিটে পৌঁছাবে।
উল্লেখ্য, যাত্রীসেবার ধারাবাহিকতা বজায় রাখা এবং সীমিত বহরের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে গত ১ মার্চ থেকে এ রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। সরকারের দিকনির্দেশনা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতায় পুনরায় এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উদ্যোগের ফলে যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। টিকেট বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান সেলস সেন্টার, আয়াটা অনুমোদিত ট্রাভেল এজেন্সি, বিমান কল সেন্টার (১৩৬৩৬) অথবা বিমানের ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে।