যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দপুর বাওড়ের নাটিমা খাল থেকে বাওড়ের গার্ড ও প্রতিবন্ধী ব্যক্তি আতিয়ার রহমানের (৪০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন খালের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেন।
পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো বাওরের পাশের কুঁড়ে ঘরে অবস্থান করছিলেন আতিয়ার রহমান। রবিবার সকালে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার খোজাখুজি শুরু করেন।
পরে বিকেল ৫টার দিকে বেড়গোবিন্দপুর বিলসংলগ্ন নাটিমা খালের মধ্যে পোট দিয়ে ঢাকা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। মরদেহের মাথা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর জখমের চিহ্ন রয়েছে।
বাওরের গার্ড নিয়ন্ত্রক ইসরাফিল বিশ্বাস জানান, সকালে আতিয়ার রহমান ডিউটিতে না আসায় তার বাবা ছবেদ আলীকে বিষয়টি জানানো হয়। এরপর পরিবারের সদস্যরা খোঁজ শুরু করে এবং পরে খালের মধ্যে তার মরদেহ খুঁজে পায়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, বাওরের খাল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে
