যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে নেমে একই সাথে তিন শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে । ১৪ আগস্ট শুক্রবার দুপুরে উপজেলার জামদিয়া গ্রামের দক্ষিণপাড়ায় হৃদয় বিদারক এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন—জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০) এবং একই গ্রামের নিছার আলীর দুই মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)। এদের মধ্যে লামিয়া ও সুলতানা সম্পর্কে সহোদর বোন।
এদিন একসঙ্গে তিন শিশুর মৃত্যুর ঘটনায় যেন পুরো গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এবিষয়ে জামদিয়া ইউনিয়নের ইউপি সদস্য সরোয়ার হুসাইন ও জামদিয়া ইউনিয়ন পরিষদে কর্মরত মাহমুদ কবির জানান, শুক্রবার জুমার নামাজের আগে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ফাহিমা, লামিয়া ও সুলতানা। গোসলের একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে তাদের উদ্ধার করেন।
উদ্ধারের করে তাদেরকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
ইউপি সদস্য সরোয়ার হুসাইন আরও বলেন, নিহত শিশুদের ওই পুকুর টি দীর্ঘদিন যাবত অনেকটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং সেখানে সাধারণত লোকজন গোসল করতে করেনা । তাছাড়া ওই পুকুরটি ঝোপঝাড়ের মধ্যে হওয়ায় এর গভীরতা সম্পর্কেও স্থানীয়দের মধ্যে আগে থেকেই সতর্কতা দেওয়া ছিল। একই সাথে তিন শিশুর মৃত্যুর ঘটনা যেন এলাকা বাসীকে স্তব্ধ করে দিয়েছে। সেই সাথে পরিবার আত্মীয় স্বজনদের মধ্যে বইছে শোকের মাতম।
