মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০০টি গাছের চারা বিতরণ

✍🏻: বাগেরহাট প্রতিনিধি:
প্রকাশ: ২ মাস আগে

‘চল করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন’  এই স্লোগান সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার রওশন আরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সবুজ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ নিজ অর্থায়নে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেন।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রওশন আরা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. আবু জাফর ফাইজুল হক ও মোহাম্মদ নজরুল ইসলাম শেখ, রওশন আরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপিকা রানী মিস্ত্রি, সহকারী প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান হাওলাদার এবং সহকারী শিক্ষক শৈবালনী হালদার, মো. নজরুল ইসলাম আকন, এস এম মিজানুর রহমান, মো. আশরাফুল ইসলাম সরদার, মো. আল-আমিন, লিপিকা নাথ, মো. ওহিদুল ইসলাম, এস এল প্রত্যয় কুমার হালদার, মাহমুদা খানম ও এসমতারা সুমিসহ অন্যরা।

এ সময় অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে।”

তিনি শিক্ষার্থীদের পাওয়া চারাগুলো নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করে নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান।

এর আগেও পরিবেশের ভারসাম্য রক্ষায় মোরেলগঞ্জের অম্বিকা চরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় ও আব্দুল আজিজ মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ করেন অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ।