যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগে ইব্রাহিম হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণের শিকার নবম শ্রেণির ছাত্রী রিমা খাতুনকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া রিমা খাতুন (১৪) বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের বাবলুর রহমানের মেয়ে।
পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর বাঁকড়া বাজার মাইক্রোস্ট্যান্ড এলাকা থেকে রিমাকে অপহরণ করে ঢাকায় নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে একই গ্রামের ইনতাজ আলীর ছেলে ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গত ১৮ সেপ্টেম্বর ঝিকরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৭ ধারায় মামলা করা হয়।
মামলার পর বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল দিবাগত রাত ১টার দিকে উজ্জ্বলপুর গ্রামে অভিযান চালিয়ে ইব্রাহিম হোসেনকে আটক এবং রিমা খাতুনকে উদ্ধার করা হয়।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামি ইব্রাহিম হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভিকটিম রিমা খাতুনের জবানবন্দি গ্রহণ ও ডাক্তারি পরীক্ষার জন্য তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
