জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয় পার্টি। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুল আলম বাচ্চু ও দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মিনাকুল আরেফিন, নজরুল ইসলাম, এম এ মান্নান, বাদল চাকলাদার, শফিকুল ইসলাম শফি ও শিকদার আবু সাঈদ। এ ছাড়া জেলা জাতীয় পার্টি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা জি এম কাদেরের বাসভবনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা অভিযোগ করেন, এ ধরনের হামলার মাধ্যমে গণতান্ত্রিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে।
বক্তারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তাঁরা।
