এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে প্রতিমন্ত্রী অমিত, নিজ হাতে পরিবেশন করলেন খাবার
যশোরে মাদ্রাসার এতিম শিশু ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার যশোর শহরের পার্ক ভিউ কমিউনিটি সেন্টারে এ খাবারের আয়োজন করা হয়। এ সময় প্রতিমন্ত্রী নিজ হাতে এতিম শিশু ও অসহায় মানুষের মাঝে খাবার পরিবেশন করেন।
জানা গেছে, গত ২৬ আগস্ট যশোর কারবালা কবরস্থানে প্রয়াত পিতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত শেষে ফেরার পথে কয়েকজন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে কথা বলেন। এ সময় তারা একবেলা খাবারের ব্যবস্থা করার জন্য তার কাছে অনুরোধ জানান। অসহায় মানুষের সেই অনুরোধ হৃদয়ে ধারণ করে শুক্রবার তাদের জন্য খাবারের আয়োজন করা হয়। শুধু খাবার বিতরণই নয়, প্রতিমন্ত্রী নিজ হাতে তাদের খাবার পরিবেশন করে পাশে দাঁড়ান।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
খাবার পেয়ে এতিম শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। তারা এ উদ্যোগের জন্য সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে প্রতিমন্ত্রী নিজ হাতে খাবার পরিবেশন করায় তারা আবেগাপ্লুত ও আনন্দিত হন।
