কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় এক নারী নিহত ও প্রায় ২০জন আহত হয়েছে| বর্তমানে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে ।
কুমিল্লায় চরের দখল নিয়ে তিনটি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের সময় টেটাবিদ্ধ হয়ে এক নারী নিহত হয়েছেন; এ সময় আহত হয়েছেন আরও ২০ জন|
মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম রোববার রাতে বলেন, মেঘনা উপজেলার চরবিনোদপুর ও আলীপুর এবং তিতাস উপজেলার নতুন ভাটেরারচর গ্রামবাসীর মধ্যে বিকাল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষ হয়|
নিহত কোহিনুর বেগম (৪৫) মেঘনা উপজেলার চরবিনোদপুর গ্রামের মো. কাবিল মিয়া স্ত্রী|
পুলিশ জানায়, কাঠালিয়া নদীর দক্ষিণ পাড়ে এবং নতুন ভাটেরারচর গ্রামের পশ্চিম-দক্ষিণ পাশের একটি চর দখল নিয়ে আগে থেকেই বিরোধ চলে আসছিল| রোববার বিকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চরবিনোদপুর, আলীপুর ও নতুন ভাটেরারচরের লোকজন আবারও সংঘর্ষে জড়ায়| এ সময় ঘটনাস্থল ভাটেরারচরের বাড়িঘরও ভাঙচুর করা হয়| খবর পেয়ে দুই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন|
তবে নতুন ভাটেরারচর গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে| আবারও যে কোনো সময় বড় ধরনের হামলা ও ভাঙচুরের আশঙ্কা করছেন নতুন ভাটেরারচর গ্রামের নারী-পুরুষ|
তিতাস থানার ওসি মোঃ মমিরুল হক বলেন, দুই পক্ষের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে মেঘনা ও তিতাস দুই থানার পুলিশ মোতায়েন রয়েছে| পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে| বিষয়টির স্থায়ী সমাধানের জন্য কাজ করছে প্রশাসন|
তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুপস্থিতিতে দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা বলেন, “আগেও দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে এই চর দখল নিয়ে মারামারি হয়েছে| দুই উপজেলা প্রশাসন ও থানা থেকে যেন পরবর্তীতে আর কোনো সংঘর্ষ না হয় সেজন্য পদক্ষেপ নেওয়া হয়েছে|
