বোয়ালমারীতে এমপি ইলিয়াস মোল্লা
‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালমারী মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। এমন জীবন গড়তে হবে, যাতে নিজের কোনো কাজ নিয়ে সবার সামনে সংকোচ বোধ না করতে হয়।” তিনি আরও বলেন, জিপিএ-৫ অর্জন গুরুত্বপূর্ণ হলেও এটিই জীবনের শেষ লক্ষ্য নয়; উচ্চশিক্ষা, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, ফুল, বই ও উপহারসামগ্রী প্রদান করা হয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ার গঠনে বিভিন্ন দিকনির্দেশনাও দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাজহারুল ইসলাম এবং ফরিদপুর শহর শাখার সভাপতি মুয়াজ বিল্লাহ।
ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি সালাউদ্দীন মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
