বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী ‘জুলাই উৎসব’ শুরু হয়েছে। যশোর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে ‘লাল জুলাইয়ের সেই উত্তাল দিন, রক্তে নাচুক ঢেউ, বাজাও সে বীণ’ স্লোগানকে সামনে রেখে বুধবার বিকেল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঐতিহাসিক ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে এ উৎসবের সূচনা হয়।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর সংস্কৃতি কেন্দ্রের প্রধান উপদেষ্টা অধ্যাপক গোলাম রসুল।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ গোলাম রসুল ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, “২৪-এর গণবিপ্লবে ফ্যাসিবাদ মুক্তকরণ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য হাজারো তরুণ জীবন দিয়েছিল। কিন্তু মাত্র দুই বছরের মাথায় জাতি যেন সাড়ে ১৫ বছরের সেই চরম নির্যাতন ও নিষ্পেষণের ইতিহাস ভুলে যাচ্ছে। যে বৈষম্যহীন মানবিক ইনসাফভিত্তিক সমাজ গঠনে তরুণরা রক্ত দিয়েছিল, আজকে সর্বত্র আবারও সেই দলীয়করণ ও বৈষম্য শুরু হয়েছে।”
সাংস্কৃতিক অঙ্গনে সরকারি বরাদ্দের বৈষম্য তুলে ধরে তিনি বলেন, “যশোরের রেজিস্টার্ড প্রায় ৫৬টি সাংস্কৃতিক সংগঠন অর্থ বরাদ্দ পেলেও যশোর সংস্কৃতি কেন্দ্র বা ফুলকড়ির মতো শিশু সংগঠনকে একটি টাকাও দেওয়া হয়নি। অথচ বিগত সাড়ে ১৫ বছর যারা ফ্যাসিবাদী সরকারকে টিকিয়ে রাখতে কাজ করেছে, সেই উদীচীর মতো সংগঠনকে সরকারি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
বর্তমান সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে গোলাম রসুল বলেন, “আবু সাঈদ যদি ১৬ই জুলাই বুকের ছাতি পেতে না দিতেন, তবে আজকে যারা ক্ষমতায় বা এমপি-মন্ত্রী হয়েছেন, তারা কেউ এই জায়গায় আসতে পারতেন না। আবু সাঈদের রক্ত ও ত্যাগের অনুভূতি যদি আমরা ভুলে যাই, তবে এ দেশে আবারও জুলাই ফিরে আসবে। তরুণরা আবারও লড়াই করে অধিকার ছিনিয়ে আনবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, মাতবউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান এবং যশোর এম এম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদেরসহ স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ উৎসবে আলোচনা সভা, জুলাই বিপ্লবের স্মৃতিচারণ, পুরস্কার বিতরণী, ডকুমেন্টারি প্রদর্শন, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক পরিবেশিত হবে।


জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী ‘জুলাই উৎসব’ শুরু

