কুমিল্লা’য় শিক্ষার্থীকে গুলিবিদ্ধ করার অপরাধে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী অপু আটক

✍🏻: কুমিল্লা প্রতিনিধি:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় ‘অপু গ্রুপ’ ও ‘সাব্বির গ্রুপ’-এর মধ্যে উত্তেজনা শুরু হয়। এরই জের ধরে ২৫ জুন (বৃহস্পতিবার) দুপুরে দুই পক্ষের মধ্যে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

এই ঘটনাটি দেশ জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করলে এই ঘৃ্ণ্য অপরাধীদের আইনের আওতায় নেওয়ার জন্য কুমিল্লা জেলার পুলিশ সুপার সরাসরি তত্ত্বাবধানে এবং সার্বিক দিক-নির্দেশনায় বিশেষ অভিযান শুরু হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ কক্সবাজার জেলাসহ বিভিন্ন এলাকায় সাড়াঁশি অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ৪ জন আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করে এবং একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে। উক্ত ঘটনার মূল হোতা ও অপু সিন্ডিকেটের দলনেতা আবু হানিফ ও অপু সুকৌশলে পালিয়ে বেড়ানোয় তাকে গ্রেফতারে কিছুটা সময়ক্ষেপণ হয়।

তবে জেলা গোয়েন্দা শাখার তৎপরতায় ও অত্যাধুনিক তথ্য-প্রযুক্তিগত সহায়তায় দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক সাঁড়াশি অভিযান পরিচালনা করে অবশেষে অপু গ্রুপের দলনেতা আবু হানিফ ও অপুকে অদ্য ০১.০৭.২০২৬ খ্রি. তারিখ রাত ০৩:০০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। অতঃপর গ্রেফতারকৃত আসামী অপুকে ঘটনায় ব্যবহৃত অস্ত্রের বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তি ও দেখানো মতে কুমিল্লা জেলার কোতোয়ালী থানাধীন জগন্নাথপুর এলাকা থেকে ঘটনার দিনে ব্যবহৃত বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী আবু হানিফ ও অপুর পূর্বের অপরাধ চিত্র যাচাইকালে দেখা যায় তার বিরুদ্ধে বিভিন্ন আইনে ২৫ টি মামলা রয়েছে। আসামি আবু হানিফ ও অপুর বিরুদ্ধে অস্ত্র উদ্ধার সংক্রান্তে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।