চৌগাছায় সার ডিলার লেন্টুর বিরুদ্ধে বাবার সংবাদ সম্মেলন, তদন্ত ও প্রতিকার দাবি

✍🏻: যশোর প্রতিনিধি:
প্রকাশ: ৪ দিন আগে

যশোরের চৌগাছা পৌরসভার বিসিআইসি সার ডিলার মেসার্স শয়ন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আতিকুর রহমান লেন্টুর বিরুদ্ধে অর্থ-সম্পদ আত্মসাৎ, হয়রানিমূলক মামলা, হুমকি ও সার বিক্রিতে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন তাঁর বাবা মো. আব্দুস সবুর। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং পরিবারের পাওনা অর্থ-সম্পদ ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। আব্দুস সবুরের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তরিকুল ইসলাম।

লিখিত বক্তব্যে আব্দুস সবুর দাবি করেন, তাঁর ছেলে আতিকুর রহমান লেন্টু পরিবারের সদস্যদের ব্যবসায়িক অর্থ ও সম্পদ অবৈধভাবে ভোগদখল করছেন। প্রতিবাদ করলে তাঁদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তাঁকে মারধরের ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি।

আব্দুস সবুরের অভিযোগ, পরিবারের সদস্যরা পাওনা অর্থ ও সম্পদ ফেরত চাইলে তাঁদের বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে। এ ধরনের মামলার সংখ্যা ১২টি বলে দাবি করেন তিনি। এসব মামলাকে মিথ্যা দাবি করে প্রতিকার এবং প্রায় ১৫ কোটি টাকা মূল্যের অর্থ-সম্পদ ফেরত চেয়ে যশোরের পুলিশ সুপারের কাছে আবেদন করেছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে লেন্টুর সার ডিলারশিপ ও সার বিক্রি নিয়েও অভিযোগ তোলা হয়। আব্দুস সবুরের দাবি, যশোরের চৌগাছা-ঝিকরগাছা আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলামের ডিও লেটারের মাধ্যমে লেন্টু সার ডিলার হন। পরবর্তী সময়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে প্রশাসনের অভিযানে তিন দফায় যথাক্রমে ৩৭, ২৭১ ও ১৫ বস্তা সার আটক করা হয়। প্রতিবার অর্থদণ্ড এবং সর্বশেষ ঘটনায় তাঁর ডিলারশিপ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে বলেও দাবি করেন আব্দুস সবুর।

এ ছাড়া ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন হাটবাজার ইজারা নিয়ে লেন্টুর বিরুদ্ধে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ করা হয়। স্থানীয়রা প্রতিবাদ করলে তাঁদের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

চৌগাছা উপজেলা মডেল মসজিদ নির্মাণ প্রসঙ্গে আব্দুস সবুর দাবি করেন, প্রায় ১৮ কোটি টাকা বরাদ্দ ও টেন্ডার হওয়ার পর লেন্টু হাইকোর্টে রিট করেন। এতে মসজিদ নির্মাণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে তিনি জানান।

আব্দুস সবুর আরও অভিযোগ করেন, প্রশাসন সার আটকসহ বিভিন্ন বিষয়ে ব্যবস্থা নিলেও লেন্টু পরিবারের সদস্যদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছেন। তিনি পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, পাওনা অর্থ-সম্পদ ফেরত এবং সব অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আজিজুর রহমান, শফিকুল, কাকোনা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।