আটক যুবক হাসিব (নাম), শহরের বেজপাড়া তালতলা এলাকার ইলিয়াসের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাসিব ও তার এক সহযোগী দড়াটানা মোড়সংলগ্ন ভৈরব পার্কের পাশে নোয়াখালীর এক মাঠা বিক্রেতার গলায় চাকু ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দুই যুবককে ধাওয়া করেন। একপর্যায়ে পালানোর চেষ্টা করতে গিয়ে হাসিব ভৈরব নদীতে ঝাঁপ দেয়। পরে স্থানীয় যুবকদের সহায়তায় তাকে নদী থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তবে তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শী তানভীর ইসলাম জানান, পালানোর জন্য হাসিব চাকুসহ নদীতে ঝাঁপ দেয়। পরে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় প্রকৃত সহযোগীকে ধরতে গিয়ে ভুলবশত অন্য একজনকে আটক করায় কিছুক্ষণ উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, আটক হাসিব থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



