ফরিদপুরের বোয়ালমারীতে তিন দিন নিখোঁজ থাকার পর মানসিক ভারসাম্যহীন রবিউল ইসলাম ( ৪০) কে ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দে ভেসেছে তার পরিবার। তবে এই খুশির আড়ালে লুকিয়ে আছে দীর্ঘ ২০ বছরের অসুস্থতা, দারিদ্র্য ও সংগ্রামের এক মর্মস্পর্শী গল্প।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বোয়ালমারী ইউনিয়নের রামনগর (কুন্ডবাড়ী) নিজ বাড়ি থেকে ভোরে কাউকে কিছু না বলে বের হয়ে যান রবিউল ইসলাম। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে তিন দিন পর মধুখালীর কামারখালী এলাকায় খালার বাড়িতে তার খোঁজ মেলে। পরে স্বজনরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন।
রবিউল ইসলাম দীর্ঘ প্রায় ২০ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তার পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও একটি ছোট ছেলে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হলেও অসুস্থতার কারণে নিয়মিত কাজ করতে পারেন না। ওষুধ সেবন করলে কিছুটা সুস্থ থাকেন এবং নিজের অটোভ্যান চালিয়ে কোনোমতে সংসারের খরচ চালানোর চেষ্টা করেন।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে গিয়ে তারা আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন। বর্তমানে অর্থাভাবে নিয়মিত চিকিৎসা ও ওষুধ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ফলে অসুস্থতা বেড়ে গেলে তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যান এবং পরিবারকে দুশ্চিন্তায় ফেলেন।
রবিউলের পরিবার সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা কামনা করেছে। তাদের আশা, সহৃদয় মানুষের সহায়তা পেলে আবারও নিয়মিত চিকিৎসার মাধ্যমে রবিউল ইসলামকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে।
মানুষ মানুষের জন্য—অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানো হোক আমাদের মানবিক দায়িত্ব।
সহায়তার জন্য যোগাযোগ:
📞 ০১৯১২২৩৫০৩৬, ০১৮৮৪৮৪৪৫১
