নিখোঁজের পাঁচ দিন পর যশোরে হাত-চোখ বাঁধা অবস্থায় কাঁকড়া ব্যবসায়ী উদ্ধার

✍🏻: যশোর প্রতিনিধি:
প্রকাশ: ৪ দিন আগে

সাতক্ষীরার শ্যামনগর থেকে অপহরণের অভিযোগ ওঠা কাঁকড়া ব্যবসায়ী মনিরুলকে (৩৫) পাঁচ দিন পর যশোরে হাত ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের হুদর মোড়ের একটি কালভার্টের পাশ থেকে স্থানীয় এক চা দোকানদার তাঁকে উদ্ধার করেন।

মনিরুল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের নূর আলী গাজীর ছেলে। তিনি বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের মানিকখালি এলাকা থেকে মনিরুলকে অপহরণ করা হয় বলে অভিযোগ। এ সময় তাঁর কাছে কাঁকড়া বিক্রির চার লাখ ৫০ হাজার টাকা ছিল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শ্যামনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

রোববার হুদর মোড়ের কালভার্টের পাশে মনিরুলকে দুই হাত ও চোখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন পাশের এক চা দোকানদার। তিনি মনিরুলকে উদ্ধার করে তাঁর কাছ থেকে পরিবারের ফোন নম্বর নিয়ে যোগাযোগ করেন।

খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মনিরুলকে নিজেদের হেফাজতে নেন। পরে তাঁকে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।