বাঘারপাড়ায় বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মন্ডলের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

✍🏻: বাঘারপাড়া প্রতিনিধি:
প্রকাশ: ১ মাস আগে

যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের হুলিহাট্টা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মন্ডল আর নেই। বুধবার রাত ৮টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত নানা রোগে ভুগে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

মহিউদ্দিন মন্ডল বীর মুক্তিযোদ্ধা মরহুম ফনু মন্ডলের সন্তান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের উদ্যোগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। বাঘারপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান এবং থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনারে অংশ নিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের পরিবারের হাতে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

পরে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

মহান মুক্তিযুদ্ধের এই বীর সেনানির মৃত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।