যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন রেজি. নং-২২৭-এর যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু গাজীকে পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে যশোর নগর শাখার ৯ নম্বর ওয়ার্ড যুবদল। এ দাবিতে জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতির কাছে লিখিত আবেদন দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
লিখিত আবেদনে ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মো. বাপ্পীর ওপর হামলার অভিযোগও তুলে ধরা হয়েছে। এতে বাপ্পীর ডান হাত ভেঙে দেওয়া এবং তাকে প্রকাশ্যে হত্যা ও গুমের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়।
লিখিত আবেদনে মিন্টু গাজীর বিরুদ্ধে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, হামলা ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ করা হয়েছে।
আবেদনে আরও অভিযোগ করা হয়, ২২৭ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে তিনি বিএনপির নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করেছেন। এছাড়া ৫ আগস্টের পর বিএনপির সঙ্গে সম্পৃক্ততার পরিচয় দিয়ে দলীয় নেতাকর্মীদের নাম ব্যবহার করে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন বলেও অভিযোগ করা হয়। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন যুবদলের নেতাকর্মীরা।
৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রউফ বলেন, ‘মিন্টু গাজী অতর্কিতভাবে বাপ্পীর ওপর হামলা চালিয়ে তাকে আহত করেছেন বলে আমরা অভিযোগ পেয়েছি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ বলেন, ‘ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রশাসনের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছি।’
অভিযোগকারী আহত বাপ্পী বলেন, ‘মিন্টু গাজী ও তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি অতর্কিতভাবে আমার বাড়িতে গিয়ে হামলা চালান। পরিবারের সদস্যদের সামনে আমাকে মারধর করে আমার হাত ভেঙে দেওয়া হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আমি প্রশাসনের হস্তক্ষেপ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে মিন্টু গাজীর দাবি, বাপ্পী মাদক সেবী। তিনি ব্যবসায়ীদের জিম্মি করে নানা হয়রানী করছিলেন। এর প্রতিবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে আনা এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। তাকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হচ্ছে।
