যশোর শিক্ষা ট্রাস্টের উদ্যোগে ২০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

✍🏻: যশোর প্রতিনিধি:
প্রকাশ: ২ দিন আগে

যশোর শিক্ষা ট্রাস্টের উদ্যোগে জেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী এবং জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্যতা ও মেধার ভিত্তিতে মোট ২০০ জন শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় যশোর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক দেওয়ান হোসেন খান খোকন।

মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোরের আব্দুল গফুর একাডেমির অধ্যক্ষ জিল্লুল বারী। এতে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, বৃত্তির জন্য কয়েকশ আবেদন জমা পড়ে। সেগুলো যাচাই-বাছাই করে ২০০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়।

বক্তারা মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, আর্থিক সংকট যেন কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।