শিল্পাঙ্গন যশোরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজন

✍🏻: যশোর প্রতিনিধি:
প্রকাশ: ৪ মাস আগে

 যশোরের সাংস্কৃতিক সংগঠন ‘শিল্পাঙ্গন যশোর’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী গুণীজন সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্য আয়োজন শুরু হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় যশোর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজনের প্রথম দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩ ও ৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা এবং নাটক মঞ্চায়নের আয়োজন রাখা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেকসহ স্থানীয় বিশিষ্টজনরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পর্ষদ-২০২৬-এর আহ্বায়ক হাসান হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি বরণ ও গান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সন্তু বিশ্বাস। নৃত্য পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান ও রিকি খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর আব্দুল বারী।

প্রথম দিনের আয়োজনে বিশিষ্ট হারমোনিয়াম কারিগর রতন বিশ্বাস ও বিশিষ্ট তবলা কারিগর সুধাংশু শেখর দাসকে গুণী সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করেন শিল্পীরা।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশ, সংস্কৃতিচর্চা ও মুক্তবুদ্ধির চর্চাকে এগিয়ে নিতে শিল্পাঙ্গন যশোর নিয়মিতভাবে কাজ করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন যশোরের সাংস্কৃতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে বলে তারা আশা প্রকাশ করেন।