বাঘারপাড়ায় চিহ্নিত মাদক কারবারি কে আটক করে পুলিশে দিলো স্থানীয় জনতা

✍🏻: নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

যশোরের বাঘারপাড়ায় এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক লিটন হোসেন (৩০) পার্শ্ববর্তী বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল গ্রামের শুনু ব্যাপারীর ছেলে। তার বিরুদ্ধে মামলা ও মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনিছুর রহমান বিপ্লব জানান, ৪ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে বাগডাঙ্গা বাজারের আশপাশে লিটনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় কয়েকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।

এ সময় তার কাছ থেকে কয়েক পোটলা গাঁজা, একটি চাকু, ইয়াবা ট্যাবলেটের খালি প্যাকেট, একটি মোবাইল ফোন এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান স্থানীয়রা। জিজ্ঞাসাবাদে লিটন মাদক ব্যবসা ও সেবনের কথা স্বীকার করেছেন বলেও দাবি করা হয়।

পরে বিষয়টি বাঘারপাড়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত মালামালসহ লিটন হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।