এর মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটেছে সিলেটের ওসমানীনগরে। শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন অংশে দুই বাসের সংঘর্ষে নিহত হয়েছেন ৮ জন; সেইসঙ্গে আহত হয়েছেন আরও অনেকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
এর আগে, ভোর সাড়ে পাঁচটার দিকে আরেকটি বড় দুর্ঘটনা ঘটে গেছে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে। বগুড়া সদর উপজেলার এরুলিয়ায় বাসচাপায় প্রাণ হারিয়েছেন সড়কের পাশে অপেক্ষমাণ ৬ জন শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- বগুড়া সদর উপজেলার ফাপড় এলাকার বেলাল, গাইবান্ধার গোবিন্দগঞ্জের আমিরুল এবং নূর আলম নামের এক ব্যক্তি। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। হতাহতরা সবাই কাজের সন্ধানে ভোরে এরুলিয়া বাজারে বসা শ্রমিকের হাটে এসেছিলেন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ দিনমজুর ও স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করেন। এই স্থানে প্রতিনিয়ত দুর্ঘটনার কথা উল্লেখ করে স্থায়ী গতিরোধক নির্মাণের দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো যানবাহন চলতে দেওয়া হবে না বলে জানান আন্দোলনকারীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বগুড়া সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম বলেন, বাসচাপায় ঘটনাস্থলে তিনজন ও পরে হাসপাতালে আরও তিনজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার ও সড়ক সচল করার চেষ্টা চালাচ্ছে।



