বাঘারপাড়ার চিত্রা নদীর দুই পাড়ের মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো “

✍🏻: বাঘারপাড়া প্রতিনিধি:
প্রকাশ: ২ মাস আগে

যশোরের বাঘারপাড়া উপজেলার চিত্রা নদীর দুই পাড়ের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও যোগাযোগের একমাত্র মাধ্যম একটি বাঁশের সাঁকো ।

জানা গেছ, একসময়ের খরশ্রোতা চিত্রা নদী কালের আবর্তে জোয়ার ভাটা বন্ধ হওয়ার কারণে নদীতে পলি জমে বেশিরভাগ এলাকায় ভরাট হয়ে যায়। প্রতিবছর বর্ষা মৌসুমে দুই পাড়ের মানুষের যাতায়াতের কিছুটা সমস্যা ঘটলেও শুকনা মৌসুমে তারা ভরাট হওয়া অংশের উপর দিয়ে যাতায়াত করতো। কিন্তু সম্প্রতি সময়ে চিত্রা নদীর খননের কারণে নদীতে এখন পানিতে ভরপুর। ফলে, বর্ষা মৌসুমের পাশাপাশি শুকনা মৌসুমেও নদীতে পানি প্রবাহমান থাকবে ।

যে কারণে, দুই পাড়ের মানুষের নিত্য প্রয়োজন এবং তাদের যাতায়াতের সুবিধা অক্ষুন্ন রাখতে এলাকাবাসী মিলে তাদের নিজস্ব অর্থায়নে একটি বাঁশের সাঁকো তৈরি করে। এতে তাদের লাখ টাকার উপরে খরচ হয়েছে বলে দাবি করেছেন। তারা বলেন, উপজেলার ঐতিহ্যবাহী চিত্রা নদী পুনঃখননের পর একদিকে যেমন নদী টি তার প্রাণ ফিরে পেয়েছে অন্যদিকে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়েছে বাঘারপাড়া উপজেলার বন্ধবিলা ইউনিয়নসহ আশেপাশের কয়েক হাজার মানুষ।

এলাকাবাসীর দাবি, এই অঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধা এবং তাদের যোগাযোগের মাধ্যম স্থায়ী করতে চিত্রা নদীর এই অংশের উপর দিয়ে একটি ব্রিজ নির্মাণ করা হোক। আর এজন্য তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি করেছেন।