যশোরের কায়েমখোলা-ছুটিপুর ট্রাকে ডাকাতির চেষ্টায় সড়কে গাছ ফেলে রেখে তিনটি ট্রাকে ডাকাতির চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় একটি ট্রাকের হেডলাইট ভাঙচুর করা হয় এবং এক ট্রাকচালকের কাছ থেকে ৬০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। সোমবার রাত ৩টার দিকে কায়েমখোলা-ছুটিপুর সড়কের পতেঙ্গালী-এড়েন্দার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
জানা গেছে রাত ২টা ৪০ মিনিটে যশোরের কাশিপুর বাজারে ফিলিং বালি নামিয়ে তিনটি ট্রাক একসঙ্গে নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে কায়েমখোলা-ছুটিপুর সড়কের পতেঙ্গালী-এড়েন্দার মাঠ এলাকায় পৌঁছালে চালকেরা রাস্তার ওপর একটি মেহগনি গাছ পড়ে থাকতে দেখেন। প্রথমে যশোর মেট্রো-ট ১১-৫৬৬১ নম্বর ট্রাকের চালক আব্দুল মানিক (৪৫) ট্রাক থামালে ৫ থেকে ৬ জনের একটি দুর্বৃত্ত দল ধারালো অস্ত্র দিয়ে ট্রাকটির সামনের ডান পাশের হেডলাইট ভেঙে ফেলে।
পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি ট্রাকটি কিছুটা পেছনে নিয়ে থামিয়ে ট্রাক থেকে নেমে পাশের ঝোপে আত্মগোপন করেন। এরপর দুর্বৃত্তরা পেছনে থাকা আরও দুটি ট্রাকের গতিরোধ করে। এ সময় ঝিনাইদহ-ট ১১-১৯৬৪ নম্বর ট্রাকের চালক সবুজ দাস (২৮)-এর কাছ থেকে ৬০০ টাকা ছিনিয়ে নিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা রাস্তার ওপর পড়ে থাকা গাছটি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
