যশোরের কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা
তিনবার নোটিশ দেওয়ার পরও ফায়ার লাইসেন্স সংগ্রহ না করায় যশোরের পরিচিত খাবারের প্রতিষ্ঠান কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে যশোর শহরের কাচ্চি ভাই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত মোবাইল কোর্ট এ জরিমানা আদায় করে।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর-১ লুৎফর রহমান খান জানান, প্রতিষ্ঠানটি চালুর পর ফায়ার লাইসেন্স গ্রহণের জন্য তাদের তিনবার নোটিশ দেওয়া হয়েছিল।
তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা লাইসেন্স গ্রহণ করেননি। এরপর বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ফায়ার লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
লুৎফর রহমান খান আরও জানান, যশোরের আরও অনেক প্রতিষ্ঠানে ফায়ার লাইসেন্স গ্রহণের জন্য নোটিশ দেওয়া হয়েছে। তবে অনেক প্রতিষ্ঠান এখনো এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। জননিরা পত্তার স্বার্থে আগামীতে এসব প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।
