নাশকতার পরিকল্পনার অভিযোগে মণিরামপুরে নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার

✍🏻: মনিরামপুর প্রতিনিধি:
প্রকাশ: ১০ ঘন্টা আগে

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শফি উদ্দীন (৫০)। তিনি শার্শা উপজেলার চন্দ্রপুর গ্রামের আব্দুল হকের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি বর্তমানে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার এলাকায় বসবাস করছিলেন।

পুলিশের দাবি, শফি উদ্দীন শার্শা এলাকা থেকে এসে রাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সংগঠনের প্রচার-প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রাজগঞ্জ এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে গোপন বৈঠক ও পরিকল্পনা করা হচ্ছে। পরে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে শফি উদ্দীনকে গ্রেপ্তার করে।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার পরিকল্পনার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রচার-প্রচারণা ও উসকানিমূলক বার্তা ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র।