ভারতে সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি নাগরিক
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের হরিদাসপুর-পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
পেট্রাপোল-বেনাপোল সীমান্তের শূন্যরেখায় আনুষ্ঠানিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় ভারতের পক্ষে হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ ও ১০২ ব্যাটালিয়ন বিএসএফের কোম্পানি কমান্ডার এবং বাংলাদেশের পক্ষে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা, ৪৯ বিজিবির আইসিপি কোম্পানি কমান্ডার, গোয়েন্দা সংস্থা ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, দেশে ফেরত আসা ৪৭ বাংলাদেশি নাগরিক দীর্ঘদিন ভারতের তামিলনাড়ুর আত্তুর-সালেমের স্পেশাল ক্যাম্প এবং তিরুচিরাপল্লির (ট্রিচি) স্পেশাল ক্যাম্প/হোমে অবস্থান করছিলেন। বাংলাদেশি নাগরিকত্ব যাচাই শেষে তাদের দেশে ফেরানোর জন্য ট্রাভেল পারমিট দেওয়া হয়।
নথি সূত্রে জানা যায়, চেন্নাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের ২৪ আগস্ট ২০২৬ সালের এক জরুরি বার্তায় ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়, তামিলনাড়ুর বিশেষ ক্যাম্পে থাকা ৪৭ বাংলাদেশিকে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। জাতীয়তা যাচাই প্রক্রিয়া শেষে সংশ্লিষ্টদের নামে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়।
নথিতে উল্লেখ রয়েছে, প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে চেন্নাইস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করা হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ফেরত আসা নাগরিকদের কাগজপত্র যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট পোর্ট থানায় পাঠানো হবে। পরে আইনগত আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।
