যশোরে চাষ ও বাজারজাত নিষিদ্ধ প্রায় ৭ টন আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে এই মাছ চাষের দায়ে শফিকুল ইসলাম নামে এক মাছচাষিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে যশোর সদর উপজেলার চাঁচড়া সবজিবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাল কুমার যাজাজিয়া।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া সবজিবাগান এলাকায় অভিযান চালিয়ে চাষ ও বাজারজাত নিষিদ্ধ আফ্রিকান মাগুরের সন্ধান পাওয়া যায়। পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাছচাষি শফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ঘের থেকে জব্দ করা আফ্রিকান মাগুর মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানা এবং দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।
অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুনসহ জেলা পুলিশ ও মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
