যশোরে শিশু যৌন নির্যাতন ঠেকাতে পুলিশের বিশেষ প্রশিক্ষণ

✍🏻: যশোর প্রতিনিধি:
প্রকাশ: ২ মাস আগে

শিশু যৌন শোষণ ও নির্যাতনের ঘটনা কার্যকরভাবে তদন্ত, ভুক্তভোগী শিশুদের ট্রমা ও ভিকটিমহুড সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন এবং শিশু-বান্ধব আদালত কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে যশোরে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে “Training for Law Enforcement Officials on SEC Investigation, Traumatization & Victimhood and/or Child Friendly Court Room Procedures” শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

Free a Girl Nederland ও ZEEMAN-এর সহযোগিতায় এবং এসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (ACD)-এর বাস্তবায়নে প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে যশোর জেলার বিভিন্ন থানার নারী ও শিশু বিষয়ক হেল্প ডেস্কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ মোট ২০ জন পুলিশ কর্মকর্তা অংশ নেন।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

প্রশিক্ষণে শিশু যৌন শোষণ ও নির্যাতনের ঘটনা শনাক্তকরণ ও তদন্ত প্রক্রিয়া, ভুক্তভোগী শিশুর ট্রমা ও মানসিক অবস্থার প্রতি সংবেদনশীল আচরণ, ভিকটিমহুডের ধারণা, শিশুর বক্তব্য গ্রহণের ক্ষেত্রে করণীয়, প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ, গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং Child Friendly Court Room Procedures বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়।

বক্তারা বলেন, শিশু যৌন শোষণ ও নির্যাতনের ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সংবেদনশীল, পেশাদার ও শিশুবান্ধব ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্ত থেকে শুরু করে বিচারিক প্রক্রিয়ার প্রতিটি ধাপে শিশুর সর্বোত্তম স্বার্থ, নিরাপত্তা, মর্যাদা ও গোপনীয়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুকে পুনরায় ট্রমাটাইজেশন থেকে রক্ষায় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

প্রশিক্ষণের মাধ্যমে শিশু সুরক্ষা, যৌন শোষণ ও নির্যাতনের ঘটনা মোকাবিলা এবং ভুক্তভোগী শিশুদের জন্য আরও কার্যকর ও শিশুবান্ধব সেবা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা (ক্রাইম অ্যান্ড অপস), যশোর এবং এস.এম. আহসান উল্লাহ সরকার, প্রজেক্ট কো-অর্ডিনেটর, ACD।

এ সময় আরও উপস্থিত ছিলেন মো. হুমায়ুন কবির, এরিয়া ম্যানেজার, ACD।