বাঘারপাড়ার শালবরাট গ্রামে গোয়ালঘরের তালা ভেঙে গরু চুরি

✍🏻: নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১ মাস আগে

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রাম থেকে গোয়ালঘরের তালা ভেঙে কৃষক হাতেম আলীর দুটি গরু চুরির হয়েছে । শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এই চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া গরু দুটির আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক।

হাতেম আলী জানান, শুক্রবার রাতে প্রতিদিনের মতো তিনি তাঁর পাঁচটি গরু গোয়ালঘরে রেখে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় চোরেরা গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি বকনা ও একটি গাভী নিয়ে তারা পালিয়ে গেছে । সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা ভাঙা এবং দুটি গরু না দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন তিনি।

স্থানীয়দের ধারণা, চোরেরা রায়পুর-খাজুরা সড়কের মেইল রাস্তার পাশে একটি মিনি ট্রাক রেখে পরিকল্পিতভাবে গরু দুটি চুরি করে নিয়ে গেছে। গোয়ালঘরটি সড়কের কাছাকাছি হওয়ায় চোরেরা গরু দুটি সহজেই বের করে দ্রুত যানবাহনে তুলে নিয়ে যেতে সক্ষম হয়েছে বলেও স্থানীয়দের ধারণা।

খবর পেয়ে রায়পুর পুলিশ ফাঁড়ির আইসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ চুরির ঘটনা খতিয়ে দেখছেন এবং চুরি যাওয়া গরু উদ্ধারে তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।
জানা গেছে, একই গোয়ালঘর থেকে এর আগেও একটি গরু চুরি হয়েছিল । ফলে একই স্থান থেকে বারবার গরু চুরির ঘটনায় এলাকায় কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।