অভয়নগরে মাদকসেবনের দায়ে নারীসহ দুজনের কারাদণ্ড

✍🏻: অভয়নগর প্রতিনিধিঃ
প্রকাশ: ২ ঘন্টা আগে
অভয়নগরে মাদকসেবনের দায়ে নারীসহ দুজনের কারাদণ্ড

অ-অ+যশোরের অভয়নগরে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে এক নারীসহ দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু তাদের এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার বুইকারা গ্রামের ড্রাইভারপাড়া এলাকার মফেজ মোড়লের মেয়ে রশিদা বেগম ওরফে লাবনি (৪৫) এবং ধোপাদী গ্রামের আব্দুর রশিদ খাঁর ছেলে সালমান খাঁ (২০)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, সোমবার দুপুরে বুইকারা গ্রামের ড্রাইভারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সরঞ্জামসহ রশিদা বেগম ওরফে লাবনিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

অপর একটি অভিযানে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন রেললাইন এলাকা থেকে ৫ গ্রাম গাঁজাসহ সালমান খাঁকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু জানান, নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপরাধে ওই নারীকে এক মাস এবং যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ডও করা হয়েছে।