চিহ্নিত মাদক কারবারি ঝিকরগাছার সাধন কুমার তিন সহযোগীসহ আটক

✍🏻: ঝিকরগাছা প্রতিনিধি:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ঝিকরগাছার চিহ্নিত মাদক কারবারি বাকড়া ঋষিপাড়ার সাধন কুমার তিন সহযোগীসহ আটক হয়েছেন। তবে তাকে আটকের সময় পরিবারের নারী সদস্যরা বাধা দেন এবং পুলিশের সঙ্গে অশোভন আচরণ করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা হয়েছে। আটক অন্যরা হলেন—একই এলাকার মিঠুন কুমার, নয়ন এবং ঝিকরগাছার নওয়াপাড়ার জনি।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সাধন কুমার ঝিকরগাছাজুড়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পুলিশের কাছে খবর আসে, সাধন নিজ বাড়িতে মাদক রেখেছেন এবং তা বিক্রির প্রস্তুতি চলছে। খবর পেয়ে শনিবার বিকেলে নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম নিজেই অভিযানে নামেন।

পুলিশ বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সাধনসহ পরিবারের সদস্যরা নিজেদের নির্দোষ দাবি করতে থাকেন। এমনকি এ সময় পুলিশের কাজে বাধাও দেন তাঁরা। তবে পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত বাড়িতে তল্লাশি চালালে বেরিয়ে আসে থলের বিড়াল। অভিযানে আরও অংশ নেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া এবং বাকড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম।

এদিকে, স্থানীয়দের একটি সূত্র জানিয়েছে, পুলিশ গেলে একটি পক্ষ পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত থাকে। এ সুযোগে অপর একটি পক্ষ কৌশলে মাদকের বড় একটি চালান সরিয়ে ফেলে বলে দাবি করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।