বোয়ালমারীতে ডাকাতি মামলা থেকে অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন

✍🏻: ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: ১ মাস আগে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর বনচাকী গ্রামের বাসিন্দা ও পেশায় মাইক্রোবাস চালক বিল্লাল বিশ্বাসের বিরুদ্ধে দায়ের করা ডাকাতি মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে মামলা থেকে অব্যাহতি এবং সম্মানহানির ক্ষতিপূরণ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে বোয়ালমারী পৌর শহরের একটি রেন্ট-এ-কার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিল্লাল বিশ্বাস। তিনি দাবি করেন, গত ২৭ মে শরীয়তপুর থেকে গরু ব্যবসায়ীদের নিয়ে ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় সশস্ত্র ডাকাতদের কবলে পড়েন। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং গাড়িতে থাকা যাত্রীদেরও লুট করা হয়।
তার অভিযোগ, ঘটনার পরদিন কয়েকজন গরু ব্যবসায়ী তাকে অন্যায়ভাবে ডাকাত দলের সহযোগী হিসেবে অভিযুক্ত করেন, মারধর করেন এবং ৮৫ লাখ টাকা দাবি করেন। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে। ঘটনার তিন দিন পর তার বিরুদ্ধে মুকসুদপুর থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়।
বিল্লাল বিশ্বাস বলেন, দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে মাইক্রোবাস চালিয়ে আসলেও তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। তিনি মামলার নিরপেক্ষ তদন্ত, অব্যাহতি ও সম্মানহানির ক্ষতিপূরণ দাবি করেন।
সংবাদ সম্মেলনে রেন্টকার মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, ভুক্তভোগীর পরিবারের সদস্য এবং স্থানীয় পরিবহন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তারা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং নির্দোষ ব্যক্তিকে হয়রানি থেকে মুক্তি দেওয়ার দাবি জানান।