চুড়ামনকাটির মেহেরুল্লাহনগর রেলস্টেশন পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

✍🏻: যশোর প্রতিনিধি:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে মুন্সি মেহেরুল্লাহনগর রেলস্টেশন পুনরায় চালু এবং আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সোমবার সকাল ১০টায় রেলস্টেশনের প্ল্যাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) হাজারো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং এলাকাবাসীর যাতায়াতের দুর্ভোগ কমাতে বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী মেহেরুল্লাহনগর রেলস্টেশনটি পূর্বের মতো পূর্ণাঙ্গভাবে চালু করা প্রয়োজন। পাশাপাশি সব ধরনের ট্রেনের স্টপেজ চালুর দাবি জানান তারা।

বক্তাদের দাবি, স্টেশনটি চালু হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীকে প্রায় ১২ কিলোমিটার দূরের যশোর জংশন রেলস্টেশনে যেতে হবে না। এতে তাদের সময় ও অর্থ সাশ্রয় হবে।

তারা আরও বলেন, মেহেরুল্লাহনগর স্টেশনসংলগ্ন এলাকা কৃষিপ্রধান। স্টেশনটি পূর্ণাঙ্গভাবে চালু হলে কৃষকরা কম খরচে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিপণ্য পাঠাতে পারবেন। এতে কৃষকদের পরিবহন ব্যয় ও সময় দুটোই সাশ্রয় হবে।

মানববন্ধনে জানানো হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নির্দেশে রেজিস্ট্রার কাজী জালাল উদ্দীন স্বাক্ষরিত একটি চিঠি ইতোমধ্যে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। মানববন্ধন থেকে এ দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

বক্তারা বলেন, চুড়ামনকাটি ইউনিয়নে অবস্থিত মেহেরুল্লাহনগর রেলস্টেশনটি অনেক পুরোনো। দীর্ঘদিন ধরে স্টেশনটি কার্যত বন্ধ রয়েছে। বর্তমানে সেখানে একটি লোকাল ট্রেন ছাড়া কোনো এক্সপ্রেস ট্রেনের স্টপেজ নেই। জনদুর্ভোগ বিবেচনায় দ্রুত স্টেশনটিতে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর আহ্বান জানান তারা।

মানববন্ধনের আহ্বায়ক মাস্টার শিমুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সাংবাদিক ও কলামিস্ট অধ্যাপক মশিউল আজম, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, মেহেরুল্লাহনগর স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মেহেদী হাসান যশোরী, ব্যবসায়ী সাদিকুল আযম, দোগাছিয়া নিউ মডেল কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, চুড়ামনকাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরুদা খানম, ছাতিয়ানতলা-চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিল্লুর রহমান, মুন্সি মেহেরুল্লাহ একাডেমির প্রধান শিক্ষক আবু কালাম, ছাতিয়ানতলা কে আই সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী অধ্যক্ষ আব্দুল গনি খান, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, শামীম হোসেন, জাহিদুল ইসলাম, পূজা উদ্‌যাপন কমিটির নেতা সন্তোষ কুমার সরকার, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদ, জালাল হোসেন এবং যুবনেতা নাহিদ হাসান তপন প্রমুখ।

মানববন্ধন সঞ্চালনা করেন ছাতিয়ানতলা যুব ক্লাবের সভাপতি শামীম কবির ওয়াসিম ও সাধারণ সম্পাদক জিকো হোসেন।