ফরিদপুরের আলফাডাঙ্গায় মৎস্য হ্যাচারির সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে বুদ্ধু শেখ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ১০টায় উপজেলার জাটিগ্রাম পশ্চিম পাড়া এলাকার হ্যাচারিতে এ ঘটনা ঘটে।
মৃত বুদ্ধু শেখ উপজেলার নাওরা মিঠাপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত জুলফাত শেখের ছেলে।
জানা যায়, উপজেলার জাটিগ্রাম পশ্চিম পাড়ার বাসিন্দা দবির মিয়ার ছেলে সৌদি প্রবাসী ফরিদ মিয়ার মৎস্য হ্যাচারিতে কাজ করতে যান বুদ্ধু শেখ। কাজের একপর্যায়ে হ্যাচারির মোটর পাম্পে পানি পান করতে যান তিনি।
এ সময় অসাবধানতাবশত মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সঙ্গে থাকা অপর দুই শ্রমিক ও স্থানীয়রা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, হ্যাচারি কর্তৃপক্ষের অবহেলার কারণে মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।
