তৃতীয় শ্রেণির শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আটক মকছেদ আলী

✍🏻: যশোর প্রতিনিধি:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
তৃতীয় শ্রেণির শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আটক মকছেদ আলী

যশোর শার্শা উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ১১ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মকছেদ আলী (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক মকছেদ আলী উপজেলার মহিষা গ্রামের মৃত কোরবান মোড়লের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার পর শিশুটি চাচার বাড়িতে খেলতে যায়। এ সময় প্রতিবেশী মকছেদ আলী টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে নির্জন স্থানে নিয়ে যান এবং সেখানে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে এক প্রতিবেশীকে বিষয়টি জানায়। এরপর তার বাবা শার্শা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে একটি নিয়মিত মামলা করা হয়।

পুলিশ জানায়, এজাহারের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মহিষা এলাকা থেকে অভিযুক্ত মকছেদ আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযোগটি তদন্তাধীন থাকায় আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিকে দোষী বলা যাচ্ছে না।