নড়াইল এক্সপ্রেস থেকে ১২৭০ পিস ইয়াবাসহ, দুই নারী গ্রেপ্তার

✍🏻: যশোর প্রতিনিধি:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

যশোরে যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেস থেকে মঙ্গলবার দুপুরে উদ্ধার হয়েছে ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোরের সদস্যরা।  তারা হলেন, বাঘারপাড়া উপজেলার দরাজহাট মধ্যপাড়া এলাকার আবু বাক্কারের স্ত্রী মনজুরা ওরফে মনজুরা বুড়ি এবং একই এলাকার রিজাউল করিমের স্ত্রী মোছা. শিউলি বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী ঢাকা মেট্রো-ব ১২-৫৩১৭ নম্বরের ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনে তল্লাশি চালানো হয়। অভিযানে ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়। অধিদপ্তরের দাবি, তাদের কাছ থেকে ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।