‘পরিকল্পিত বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষ মেলা-২০২৬। শনিবার (১৮ জুলাই) সকালে যশোর টাউন হল ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, যশোরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য পরিবেশে এ মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান। তিনি ফিতা কেটে ও রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পরিবেশপ্রেমী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক আশেক হাসান বলেন শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছকে সন্তানের মতো যত্ন নিতে হবে। আজকের একটি চারা গাছই আগামী দিনের বিশাল বৃক্ষে পরিণত হয়ে মানুষ ও প্রকৃতির উপকারে আসবে। সবুজায়ন বৃদ্ধি করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন নার্সারি ও উদ্যানপালন প্রতিষ্ঠানের স্টলগুলোতে নানা প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল আম, কাঁঠাল, লিচু, জাম, মাল্টা, কমলা, ড্রাগন ফল, অ্যাভোকাডো, অলিভ, চেরি, থাই পেয়ারা, বার্মিজ আঙুর, জাপানি পার্সিমন, ম্যাকাডেমিয়া, অর্কিড, বনসাই, ক্যাকটাস, এরিকা পাম, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নিম, অর্জুন, মেহগনি, সেগুন, দেবদারু, চন্দন, আগরসহ অসংখ্য দেশি ও বিদেশি প্রজাতির গাছ।
মেলার অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অতিথিরা শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তারা জানায়, প্রাপ্ত গাছগুলো নিজ নিজ বাড়ির আঙিনায় বা উপযুক্ত স্থানে রোপণ করবে এবং নিয়মিত পরিচর্যা করবে।
পরে জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসকসহ অন্যান্য অতিথিরা মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন। এ সময় তারা বিভিন্ন প্রজাতির গাছ সম্পর্কে খোঁজখবর নেন, স্টল মালিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন। তারা সবাই পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকারের চলমান বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও বেগবান করতেই এই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
আয়োজকরা জানিয়েছেন সপ্তাহব্যাপী চলা এ মেলায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীরা বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি গাছ সংগ্রহের পাশাপাশি বৃক্ষরোপণ, গাছের পরিচর্যা, পরিবেশ সংরক্ষণ এবং আধুনিক নার্সারি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভের সুযোগ পাবেন।
